ইউক্রেনে লেপার্ড-২ পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা জার্মানির

কয়েক সপ্তাহের তীব্র টানাপোড়েনের পর ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জার্মানি। 

বুধবার (২৫ জানুয়ারি) জার্মান পার্লামেন্টে চ্যান্সেলর ওলাফ শোলৎজ ইউক্রেনে ট্যাংক পাঠানোর ঘোষণা দেন।

জার্মানি অনুমতি দেয়ার পরে অন্যান্য ইউরোপীয় দেশগুলো তাদের জার্মান তৈরি ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর অনুমতি পাবে। 

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ বলেছেন, তার দেশ কিয়েভের অন্যতম প্রধান সমর্থক। 

'এই সিদ্ধান্তের জন্য কোন গাণিতিক ভিত্তি নেই' বলে জানিয়ে তিনি ট্যাংক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। 

এ বিষয়ে শোলৎজের সাথে ফোনালাপের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান চ্যান্সেলরকে ধন্যবাদ জানান। 

তবে এ সিদ্ধান্তকে 'সাম্রাজ্যবাদ' হিসেবে আখ্যা দিয়ে একে জার্মানির যুদ্ধ পরবর্তী নীতির উৎখাত বলে মন্তব্য করেন এক জার্মান সংসদ সদস্য। 

পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এই সিদ্ধান্তকে 'রাশিয়াকে থামানোর জন্য একটি বড় পদক্ষেপ' বলে বর্ণনা করেছেন।

তবে এই পদক্ষেপকে 'অত্যন্ত বিপজ্জনক' বলে চিহ্নিত করেছে ক্রেমলিন।

জার্মানির এ সিদ্ধান্তকে মস্কোর বিরুদ্ধে 'পূর্ব পরিকল্পিত যুদ্ধ' বলে পুনর্ব্যক্ত করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। 

আরও পড়ুন: ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত দুই

এদিকে, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে ইউক্রেনের বিষয়ে একটি ভাষণ দেবেন। এসময় তিনি ইউক্রেনে কমপক্ষে ৩০টি উন্নত মার্কিন যুদ্ধযান পাঠানোর পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কিয়েভ গত কয়েকমাস ধরে ইউক্রেনে পশ্চিমা ট্যাঙ্ক পাঠানোর দাবি জানিয়ে আসছে। এটি রাশিয়ার প্রতিরক্ষা ভেঙ্গে পূর্ব ও দক্ষিণে অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে শক্তি ও গতিশীলতা দেবে বলে দাবি তাদের। 


একাত্তর/এসজে