ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত তিন, তিন শতাধিক আহত

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খয় শহরে এক শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। 

শনিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। খবর: রয়টার্স।

তেহরানের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও নিশ্চিত করেছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে, এটি পশ্চিম আজারবাইজান প্রদেশের অধিকাংশ অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী পূর্ব আজারবাইজান প্রদেশ তাবরিজের আঞ্চলিক রাজধানীসহ বেশ কয়েকটি বড় শহরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ইরানের জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানান, ভূমিকম্প কবলিত এলাকায় তাপমাত্রা অনেক স্থানেই শূন্যের নিচে, বেশ কয়েকটি স্থানে তুষারপাতও হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

আরও পড়ুন: পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত

ভূতাত্ত্বিক অবস্থানের দিক থেকে ইরান বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে। ফলে দেশটিতে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে ভূমিকম্পের সংখ্যা বেড়ে গেছে।


একাত্তর/জো