পূর্বাঞ্চলে রণাঙ্গনের পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে পরিস্থিতি ক্রমশই কঠিন হয়ে পড়ছে বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (৫ ফেব্রুয়ারি) তিনি বলেন, বাখমুট, ভুলেদার এবং লিমান- দনিয়েৎস্কের এই তিনটি শহরে তীব্র লড়াই চলছে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলছে, বাখমুট শহরে ইউক্রেনের সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের দল ওয়াগনার গ্রুপও বলছে যে- এই শহরের কোনো কোনো অংশে রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে।

রুশ সৈন্যরা কয়েক মাস ধরে বাখমুট শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। প্রায় এক বছর আগে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর এই শহরটির দখল নিয়েই সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছে।

এই শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি তাদের দখলে থাকলে রাশিয়ার পক্ষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরো সহজ হবে।

এছাড়াও সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের বেশ কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর তাদের মনোবলে যে চিড় ধরেছে সেটিও পুনরায় চাঙ্গা হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

পশ্চিমা কয়েকটি দেশ যখন ইউক্রেনকে আধুনিক ট্যাঙ্ক দেওয়ার কথা ঘোষণা করেছে, তখনই রাশিয়া বাখমুট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তাদের শক্তি জোরদার করেছে। এই শহরে যুদ্ধ করার জন্য সম্প্রতি এই শহরে রুশ সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

শনিবার রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এবছরের ৩৬৪ দিনের মধ্যে আমাকে প্রায়শই বলতে হয়েছে যে রণাঙ্গনের পরিস্থিতি কঠিন। এখন পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ছে। এখন আবার সেই সময় এসেছে যখন দখলদাররা আমাদের প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য আরো বেশি করে সৈন্য প্রেরণ করছে।

আরও পড়ুন: টেলিফোনে জার্মানিকে হুমকি দেননি পুতিন: শলৎস

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বাখমুট শহরটিকে ঘিরে ফেলার উদ্দেশ্যে রুশ সৈন্যরা অল্প অল্প করে অগ্রসর হচ্ছে এবং তার ফলে ইউক্রেনীয় বাহিনী ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

ব্রিটিশ এই মন্ত্রণালয়টি আরো বলছে, প্রধান যে দুটো সড়ক বাখমুট শহরে গেছে সেগুলোও এখন আক্রমণের হুমকির মুখে পড়েছে।


একাত্তর/আরএ