হামাসের রকেট কারখানায় হামলার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় হামাসের রকেট তৈরির একটি ভূগর্ভস্থ কারখানায় হামলা করার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে এ হামলার ফলে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা। 

গত সপ্তাহান্তে গাজা থেকে সীমান্তে রকেট ছোঁড়ার জবাবে এই গুলিবর্ষণ চালানো হয় বলে দাবি করেছে ইসরাইল। তবে এ বিমান হামলায় তাৎক্ষণিক কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে সৈন্যরা নাবলুস শহরের একটি বাড়ি ঘেরাও করেছিল। সেখানে বন্দুকযুদ্ধের ফলে সম্ভাব্য হতাহতের ঘটনা ঘটে বলে জানান তারা।

এদিকে ফিলিস্তিনি বন্দুকধারীদের দল দ্য ডেন অফ লায়ন্স একটি সেনা ইউনিটকে আক্রমণ করার দাবি করেছে। তবে ইসরাইল এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

হামাস ক্যাডাররা ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ দখল করে। তারপর থেকে সেখানে ইসরাইলের সাথে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে। 

আরও পড়ুন: আরও একটি উড়ন্ত বস্তু ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

যখন গাজার ছোট উপদলগুলো ইসরাইলের উপর আক্রমণ করে, তখন ইসরাইল সাধারণত হামাসের উপর হামলার করে তার প্রতিশোধ নেয়।

ফিলিস্তিনি সূত্র জানায়, সোমবার ইসরাইলি স্থল বাহিনী হামাসের সীমান্ত অবস্থানে গুলি চালায়। গাজা সীমান্তের কাছে ইসরাইলি শহরগুলোতে সম্ভাব্য নতুন রকেট উৎক্ষেপণের সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়েছে।


একাত্তর/এসজে