গুলি করে নামানো বেলুন বিপজ্জনক নয়, ধারণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের আকাশ থেকে গুলি করে নামানো তিনটি বেলুনসদৃশ উড়ন্ত বস্তুর সঙ্গে চীনা গুপ্তচরবৃত্তির সম্পর্ক নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। 

মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুগুলো সম্ভবত বাণিজ্যিক বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাই এগুলো বিপজ্জনক নয়। খবর: রয়টার্স।

অবশ্য মার্কিন ও কানাডার কর্মকর্তারা এখন পর্যন্ত তিনটি বিধ্বস্ত বস্তুগুলোর ধ্বংসাবশেষের সবটা খুঁজে পায়নি বা উদ্ধার করতে পারেনি। 

এদিকে, বেইজিং এ বিষয়ে আগেই গুলি করে উড়ন্ত বস্তুগুলো নামানোর সমালোচনা করে বলেছিল যে ‘যুক্তরাষ্ট্র ট্রিগার চেপেই খুশিতে আত্মহারা’।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার উপকূলে উড়তে থাকা একটি বেলুন গত ৪ ফেব্রুয়ারি গুলি করে ভূপাতিত করা হয়। সেসময় পেন্টাগন বলে, এটি চীনের গোয়েন্দা বেলুন ছিল। তবে চীন সরকার তা অস্বীকার করে জানায়, বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত ছিল। পথ হারিয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ে।

এরপর থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় এ ধরনের আরও কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।  যদিও বেইজিং কেবল প্রথমটিকেই নিজেদের বলে স্বীকার করেছে।

সবশেষ সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে উড়তে থাকা অষ্টাভুজাকৃতির একটি বস্তু গুলি করে ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এর পরপর সংবাদ সম্মেলন করে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে বেইজিং। 

নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার কিরবি বলেন, ‘ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া এবং বিশ্লেষণ না করা পর্যন্ত আলাস্কা, কানাডা এবং মিশিগানে ধ্বংস হওয়া আরও তিনটি বস্তুর উদ্দেশ্য বা উৎস নির্ধারণ করা কঠিন হবে।’

আরও পড়ুন: ‘ইরান ড্রোন যুদ্ধে বিশ্বনেতা হতে ইউক্রেনকে ব্যবহার করছে’

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সাংবাদিকদের জানায়, আমরা এমন কোনো ইঙ্গিত বা কিছু দেখিনি যা বিশেষভাবে এই ধারণার প্রতি নির্দেশ করে যে এই তিনটি বস্তু চীনের গুপ্তচরবৃত্তি কর্মসূচির অংশ ছিল।


একাত্তর/জো