ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে হামলা

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তার গাড়িবহর পৌঁছালে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান।

এসময় উপস্থিত থাকা বিজেপির কর্মী ও সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে তর্ক এবং হাতাহাতি শুরু হয়। এরপরই কেন্দ্রীয় প্রতিন্ত্রীর গাড়িবহরের ওপর ঢিল ছোড়া হয়। এ সময় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিশীথ বলেন, ‘এটা প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে না পেরে এখন এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে তৈরি করা হয়েছে তা সাধারণ মানুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে ভয়ানক হবে’।  

তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে জানিয়ে এখানে এসেছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। যারা হামলা চালিয়েছে পুলিশ তাদের আড়াল করেছে।  

আরও পড়ুন: রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশকে টিয়ারশেল ছুড়তে হয়। এরপর নিরাপত্তারক্ষীরা নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান।

তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছে। অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিকিউরিটি প্রটোকল ভেঙে কীভাবে গাড়িবহরে হামলা, গুলি-বোমা হামলার ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। 


একাত্তর/এসজে