নেভাডায় তুষারঝড়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত পাঁচ

যুক্তরাষ্ট্রের উত্তর নেভাডার একটি পার্বত্য এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নেভাডার স্টেজকোচের কাছে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায় বলে নেভাডা কাউন্টি শেরিফ কার্যালয় জানিয়েছে। 

বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা দানকারী প্রতিষ্ঠান কেয়ার ফ্লাইট জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী ও একজন রোগীর পরিবারের সদস্য ছিলেন।

কোম্পানিটির প্রেসিডেন্ট ও সিইও ব্যারি ডুপ্ল্যান্টিস বলেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিহত পাঁচজনের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত শুক্রবার ভোর ৪টা ও রোববার ভোর ৪টার মধ্যে ভারী তুষারপাত, ৬৫ মাইল বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।

শুক্রবার তুষারপাতের কারণে ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, মিশিগান, ওরেগনসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ভারী তুষারপাত হয়েছে।

আরও পড়ুন: সোনিয়া গান্ধীর রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত

তুষারপাতের কারণে এসব এলাকার কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট। কয়েক হাজার ফ্লাইট দেরিতে ছেড়েছে। বেশ কিছু প্রধান সড়কেও চলাচল বন্ধ হয়ে গেছে। গত কয়েক দশকের মধ্যে এ অঞ্চলে সবচেয়ে খারাপ মাত্রার তুষারপাত এটি।


একাত্তর/জো