ইউক্রেনের বাখমুত শহরের পূর্ব অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ, এমনটাই দাবি এ গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের।
বুধবার প্রিগোজিন টেলিগ্রাম মেসেজিং প্ল্যাটফর্মে বলেছেন, বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনারের ইউনিটগুলো বাখমুতের পূর্ব অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
বাখমুটকা নদীর পূর্বের সবকিছুই সম্পূর্ণরূপে ওয়াগনারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তারা স্বাধীনভাবে এখনও এ তথ্য যাচাই করতে পারেনি।
পূর্ব ইউক্রেনের এ শহর গেলো কয়েক সপ্তাহ ধরে লড়াই চলছে। ফলে ইউক্রেনীয় সৈন্যদের ওপর চাপ বাড়ছে। মঙ্গলবার রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কৌশলগত শহর বাখমুতকে ঘিরে ফেলতে আক্রমণ জোরদার করে। ফলে যে কোনো মুহূর্তে আত্মসমর্পণ করতে পারে ইউক্রেনীয় সেনারা, এমন গুঞ্জনও উঠেছে।
যদিও ইউক্রেনের শীর্ষ জেনারেলরা যেকোনো মূল্যে বাখমুতকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ স্থানীয় সময় রোববার জানায়, রুশ বাহিনী “বাখমুত শহরকে ঘিরে ফেলার প্রচেষ্টা ত্যাগ করেনি”।
আরও পড়ুন: একাত্তরে প্রতিবেদন প্রচারের পর ধর্ষক গ্রেপ্তার
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ইউক্রেনীয় সৈন্য, সাঁজোয়া যান এবং দোনেৎস্ক অঞ্চলের অন্যান্য লক্ষ্যসমূহ ধ্বংস করেছে।
মন্ত্রণালয় এও জানায়, তাদের সামরিক বাহিনী পূর্বের খারকিভ এবং দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলেও কামানের গোলা নিক্ষেপ করেছে।
তবে ওয়াগনার বাহিনী বলছে, যুদ্ধে জিততে হলে আরও গোলাবারুদ সরবরাহ করার জন্য নিয়মিত সেনা প্রয়োজন। তবে এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একাত্তর/আরবিএস