মুসলিমদের প্রতি সম্মান জানালে ব্রিটেনের প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের দেখানো পথেই হাঁটলেন রাজবধূ প্রিন্সেস কেট মিডলটন। মাথায় ওড়না ঢেকে কালো রঙা সাদামাটা পোশাক পরে লন্ডনের হেইস মুসলিম সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।
যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডনে অবস্থিত এই সেন্টার সফরের সময় তাঁর সঙ্গে ছিলেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদের কার্যক্রম দেখতে যান এই দম্পতি। সেখানে বেশ কিছু সময় কাটান তারা।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মুসলিম সেন্টারের উদ্যোগে ৩০ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়। মুসলিমদের স্বেচ্ছাসেবা কার্যক্রমে অভিভূত হয়ে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম।
কালো ও সাদা রঙের পোশাক পরা মিডলটন অভিভূত হয়ে বলেছেন, বিপুল পরিমাণ তহবিল সংগ্রহের মাধ্যমে কমিউনিটির পারস্পরিক সুদৃঢ় বন্ধন বোঝা যাচ্ছে। আপনি এক সঙ্গে থাকলে এবং একে অপরকে সমর্থন করলে তা আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুন: হাইপারসনিক ‘কিনঝাল’ ঠেকাতে অক্ষম ইউক্রেন
এ সময় রাজ দম্পতিকে সঙ্গ দেয় স্কুল শিক্ষার্থী দিলা হায়া ও লিনা আল-কুতুবি। অসংখ্য অরিগামি ক্রেন ও কাগজের পাখি তৈরি করে তারা ১০ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করে। দিলা বলেছে, এক সঙ্গে এতগুলো অরিগামি ক্রেন ভাঁজ করা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে যত বেশি মানুষ একটি ক্রেনকে একসঙ্গে ভাঁজ করে তাদের তত বেশি শক্তি।
একাত্তর/এসজে