পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধের চিন্তা করছে শাহবাজ সরকার। রোববার (১৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু একথা জানিয়ে এক প্রতিবেদন করেছে। বলা হয়েছে, পিটিআই নিষিদ্ধের ছক আকঁছে দেশটির সরকার।
আগেরদিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, প্রাথমিকভাবে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা একটি বিচারিক প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আইনি দলের সাথে পরামর্শ করা হবে। মূলত লাহোরে ইমরানের বাসভবন থেকে অস্ত্র ও বোমা উদ্ধারের দাবির পর একথা বলেন তিনি।
এছাড়া, পিটিআইকে জঙ্গি সংগঠন বলেছেন পিএমএলএন-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তাতে একমত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, পিটিআই চেয়ারম্যানের গত কয়েকদিনের কর্মকাণ্ড তার ফ্যাসিবাদী এবং জঙ্গি প্রবণতাকে প্রকাশ করেছে।
গেলো শনিবার ইমরান খান যখন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন, সেই সময় লাহোরে তার জামান পার্ক বাসভবনে পাঞ্জাব পুলিশের ১০ হাজার সশস্ত্র বাহিনী বড় অপারেশন চালায় এবং বহু সমর্থকে গ্রেপ্তার করা হয়। সময় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধারের দাবিও করে পুলিশ।
আরও পড়ুন: ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ
এরপরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানুআল্লাহ সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করা যায় কিনা, তা নিয়ে পাকিস্তান সরকার আইনি দলের শলা-পরামর্শ নেবেন তারা।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদীরা জামান পার্কে লুকিয়ে ছিল। অস্ত্র, পেট্রোল বোমা ইত্যাদি উদ্ধার করা হয়েছে ইমরানের বাড়ির ভেতর থেকে। জঙ্গি সংগঠন হিসেবে পিটিআই’য়ের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য এটা যথেষ্ট প্রমাণ। এনিয়ে ইমরান এখন কোন প্রতিক্রিয়া দেননি।
একাত্তর/এসি