সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এনিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটিতে দ্বিতীয়বার হামলা চালালো তেল আবিব।
এএল মনিটর জানিয়েছে, হামলায় বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিরীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে ভূমধ্যসাগর থেকে আলেপ্পো বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি সেনারা।
সিরিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর আলেপ্পোগামী সকল ফ্লাইটকে রাজধানী দামেস্ক অথবা আলেপ্পোর নিকটবর্তী লাতাকিয়া বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়ে ইসরাইল দু’টি অপরাধ করেছে। প্রথমত, একটি বেসামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং দ্বিতীয়ত গতমাসের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ত্রাণতৎপরতা বিঘ্নিত করেছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে আলেপ্পো বিমানবন্দরে প্রথম হামলা চালিয়েছিল ইসরাইল।
একাত্তর/আরবিএস