ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর দেশটিতে রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার মানুষ।
সোমবার (২৭ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বিচার ব্যবস্থাকে সংশোধন করার বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে কথা বলেছিলেন।
সোমবার ভোরে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সংস্কার বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইসরাইলের জনগণের ঐক্যের স্বার্থে, দায়িত্বের স্বার্থে, আমি আপনাকে অবিলম্বে আইন প্রণয়ন প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ইসরাইলের জনগণ আপনার দিকে তাকিয়ে রয়েছে।’
নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করার পর বিক্ষোভকারীরা পুলিশ বাহিনীকে এড়িয়ে দেশটির সংসদ ভবন নেসেটে পৌঁছায়। তেল আবিবে পতাকা নিয়ে বিক্ষোভকারীরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে একটি প্রধান মহাসড়ক অবরোধ করে রাখে। এরপর তাদের পুলিশ জলকামান দ্বারা সেখান থেকে সরিয়ে ফেলে।
এদিকে, দেশটিতে চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে সমঝোতার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
নেতানিয়াহুর এই সংস্কারের মধ্যে এমন পরিকল্পনা রয়েছে, যা সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। এটি অযোগ্য নেতাদের অপসারণ করা আদালতের পক্ষে আরও কঠিন করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়ায় ঢুকে পড়া ইউক্রেনীয় ড্রোন নামানোর দাবি
নেতানিয়াহু বলেছেন, এই সংস্কার আদালতের ক্ষমতার অপব্যবহার বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং গত নির্বাচনে জনগণ এটির পক্ষে ভোট দিয়েছে।
তিনি এই সপ্তাহের শেষে সংসদের মাধ্যমে নতুন আইনটি পাস করাতে চান বলে ধারণা করা হচ্ছে।
একাত্তর/এসজে