নতুন একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন পাঞ্জাবের খালিস্তানি নেতা অমৃতপাল সিংহ। এবারের ভিডিওতে তিনি বললেন, ‘আমি পলাতক নই, খুব শিগগিরই সবার সামনে আসব।’
বৃহস্পতিবার (৩০ মার্চ) ইউটিউবে প্রকাশ করা ওই ভিডিওতে ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র ‘পলাতক’ প্রধান বলেন, ‘আমি পলাতক নই, বিদ্রোহী। আমি কোথাও পালিয়ে যাইনি। খুব শিগগিরই সকলের সামনে আসব।’
ওই ভিডিওতে অমৃতপাল আরও বলেন, ‘সরকারকে ভয় পাই না আমি। তারা যা খুশি করতে পারেন। কেউ আমায় মারতে চাইলেও আমি ভয় পাই না।’
তার পরিবারকে ধৈর্য হারাতে না করে অমৃতপাল বলেন, ‘এক কণ্টকাকীর্ণ পথে হাঁটছি আমি।’
কখনও পাঞ্জাব, কখনও হরিয়ানা, কখনও বা নয়াদিল্লি, নজরদারি ক্যামেরায় বারবার নানা বেশে নানা রূপে ধরা দিয়েছেন তিনি। তবে পুলিশ এখনও নাগাল পায়নি তার। মাঝখানে খবর রটে গেছে যে, অমৃতসরের স্বর্ণমন্দিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন অমৃতপাল।
গত বুধবার বিকেলে হঠাৎই একটি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসেন তিনি। সেখানে তিনি দাবি করেন, ঈশ্বরের আশীর্বাদেই তিনি পালাতে পেরেছেন। লাইভ চলাকালীন হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘যেভাবে সরকার আমার সহযোগীদের গ্রেপ্তার করে জেলে ঢোকাচ্ছে, তা ঠিক হচ্ছে না। গোটা খালসা সম্প্রদায়ের এখন এক হয়ে স্বাধীন পাঞ্জাবের পক্ষে জনমত গঠন করা উচিত।’
আরও পড়ুন: পর্ণ তারকা স্টর্মি ও ট্রাম্পের মধ্যে বিবাদ যেভাবে শুরু
যে ইউটিউব চ্যানেল থেকে অমৃতপাল লাইভ ভিডিওতে এসেছিলেন, কিছু সময় পরেই সেটিকে দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়।
গত ১১ দিন ধরে পলাতক রয়েছেন অমৃতপাল ও তার সঙ্গী পাপালপ্রীত সিংহ। নাগালে পেয়েও তাদের ধরতে পারেনি পুলিশ। বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হচ্ছেন খালিস্তানি নেতা।
একাত্তর/এসজে