সুদানে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ শ্রমিক নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি এক বিবৃতিতে জানায়, মিশর সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার স্বর্ণের খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক হতাহতের ঘটনা ঘটে। ধসে অন্তত ২০ শিশুশ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুদানের বার্তা সংস্থা এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর স্বর্ণের সন্ধান করছিল। ওই ভারী যন্ত্রপাতির কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এসইউএনএ জানায়, শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদের নিকটবর্তী শহর ওয়াদি হালফায় নিয়ে কবর দেয়া হয়।
এর আগে, ২০২১ সালে পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিল।
আরও পড়ুন: দামেস্কে আবারও ইসরাইলের বিমান হামলা
উল্লেখ্য, সুদান পৃথিবীর একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। এই দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু স্বর্ণখনি। নিরাপত্তামান এবং রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় খনি ধস সেখানে প্রায় নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
একাত্তর/জো