পাকিস্তানের করাচিতে একটি জাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এন্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে এই জাকাত বিতরণ করা হচ্ছিল।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং মৃতদেহের পাশাপাশি আহতদেরকেও হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে।
এর আগে পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ জানান, ৯টি মৃতদেহ আব্বাসি শাহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের সাতজন নারী এবং দুইজন বালক।
কিয়ামারি জেলার ঊর্ধ্বতন পুলিশ সুপারিন্টেনডেন্ট ফিদা হুসেইন জানান, জাকাত নিতে আসেন শত শত নারী। আর বিশাল ভিড় জমে যাওয়ার ভয়ে কোম্পানির স্টাফরা কারখানার ফটক বন্ধ করে দেয়। ভেতরে যারা জাকাত নিতে জড়ো হয়েছিলেন সেখানে লাইন ধরে দাঁড়ানোর কোনও ব্যবস্থা ছিল না। স্থানীয় পুলিশকেও জাকাত বিতরণের বিষয়ে কিছু জানানো হয়নি।
ভিড়ের মধ্যে গরমে এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন নারী অচেতন হয়ে পড়েন বলে জানান তিনি।
কিয়ামারি ডেপুটি কমিশনার মুক্তিয়ার আবরো বলেন, কোম্পানির প্রতিষ্ঠাতা এ ধরনের কর্মকাণ্ডের জন্য জেলা প্রশাসনের থেকে কোনো অনাপত্তিপত্র নেননি, এমনকি নিরাপত্তাও চাননি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে একদিনে ৪৩ টর্নেডোর আঘাতে নিহত চার, আহত ২৪
মুক্তিয়ার জানান, কোম্পানির সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কোম্পানির মালিককেও এর জন্য জবাবদিহি করতে হবে।
এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সাঈদ গনি জানান, এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাকাত নিতে গিয়ে যাদের প্রাণহানি হয়েছে তাদের জন্য গনি দুঃখ প্রকাশ করেন এবং আহতদেরকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন।
একাত্তর/এসজে