কনের প্রাক্তনের পাঠানো বোমায় বরের মৃত্যু

ভারতের ছত্তিসগড়ে নববধূর প্রাক্তনের উপহার দেয়া হোম থিয়েটার সিস্টেম বিস্ফোরণে এক নববিবাহিত ও তার তার ভাই মারা গেছেন।

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল মধ্য ভারতের ছত্তিসগড় রাজ্যের কবিরধাম জেলায় বরের বাড়িতে ঘটে যাওয়া বিস্ফোরণে ১৮ মাসের এক শিশুসহ আরও চারজন আহত হয়।

উপহারটিতে বিস্ফোরক লাগানো ছিল এবং চালু করার সাথে সাথে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই বর মারা গেলেও তার ভাই পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানিয়েছে, বোমাটি কনের প্রাক্তন প্রেমিক পাঠিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। প্রেমিকা অন্য একজনকে বিয়ে করায় তার উপর রেগে এই কাণ্ড ঘটান তিনি। 

এ ঘটনায় অভিযুক্ত সারজু মারকাম নামে একজনকে প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকায় তিনি এখনও কোনো বিবৃতি দেননি।

আরও পড়ুন: আল-আকসায় ইসরাইলি হামলা, ৪০০ মুসল্লি গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, ৩৩ বছর মারকাম ২৯ বছর বয়সী এক নারীর সাথে সম্পর্কে ছিলেন এবং তাকে তার দ্বিতীয় স্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই নারীর পরিবার তা প্রত্যাখ্যান করে অন্যত্র তার বিয়ে ঠিক করে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর আঘাতে ঘরের দেয়াল ও ছাদ ভেঙে পড়ে।


একাত্তর/এসজে