তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে তৃতীয় দিনের লাইভ-ফায়ার ড্রিল শুরু করেছে চীন। তৃতীয় দিনে তাইওয়ানকে ‘বিচ্ছিন্ন’ করার অনুশীলন চালানোর কথা জানিয়েছে তারা।
সোমবার চীনা সামরিক বাহিনী জানিয়েছে, চীনা ফাইটার জেট অনুশীলনের সময় স্ব-শাসিত তাইওয়ান দ্বীপের কাছে ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ‘সিমুলেটেড স্ট্রাইক’ চালিয়েছে, যেখানে শানডং বিমানবাহী জাহাজও অংশ নেয়।
ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলে, সক্রিয় গোলাবারুদ বহনকারী এইচ-৬কে ফাইটার জেটের একাধিক ব্যাচ…তাইওয়ান দ্বীপে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একাধিক সিমুলেটেড হামলা চালিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ানের আশেপাশে ৭০টি চীনা সামরিক বিমান এবং ১১টি জাহাজ সনাক্ত করেছে।
তাইওয়ানের সরকারী নাম চীন প্রজাতন্ত্রের উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি বিবৃতিতে তারা বলে, চীন প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং সিএপি বিমান, নৌবাহিনীর জাহাজ এবং ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এই কার্যকলাপের প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব দিয়েছে।
সনাক্ত করা বিমানগুলোর মধ্যে ৩৫টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এবং ভূখণ্ডের আকাশ প্রতিরক্ষা সনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে বলেও জানায় তারা।
শনিবার শুরু হওয়া ‘জয়েন্ট সোর্ড’ নামে পরিচিত তিন দিনের অপারেশনের উদ্দেশ্য তাওইয়ান ঘেরাও করার মহড়া দেয়া, যাকে বেইজিং নিজেদের অঞ্চল হিসাবে দাবি করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে দখলের হুমকি দিয়েছে।
তাইওয়ানের সরকার এ মহড়ার নিন্দা করেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
সোমবার জাপান বলে, তারা ওকিনাওয়া দ্বীপপুঞ্জের কাছাকাছি জলে যে মহড়া চলছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনো বলেছেন, তাইওয়ান প্রণালীতে ‘শান্তি ও স্থিতিশীলতা’ জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ক্রিমিয়া উপদ্বীপে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে দেখা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এটি বেইজিং থেকে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জন্ম দিয়েছে, যা সাই-এর জাতীয়তাবাদী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টিকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও, স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টার বিরোধিতা প্রকাশ করেছে এবং কয়েক দশক ধরে অস্ত্র বিক্রির মাধ্যমে দ্বীপের প্রতিরক্ষাকে সমর্থন করেছে।
একাত্তর/এসজে