ছারপোকা খেয়ে ফেললো জীবন্ত এক মানুষ!

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর আটলান্টার একটি জেলখানায় মারা যাওয়া এক ব্যক্তিকে "পোকামাকড় এবং ছারপোকা জীবিত খেয়ে ফেলেছে" বলে অভিযোগ তুলেছে তার পরিবার। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাশন থম্পসন নামের ওই ব্যক্তিকে একটি অপরাধের জন্য কারাগারে পাঠানো হয়েছিল এবং কর্তৃপক্ষ তাকে মানসিকভাবে অসুস্থ বলায় থম্পসনকে ফুলটন কাউন্টি জেলের মনোরোগ বিশেষজ্ঞ শাখায় রাখা হয়েছিল।

লাশন থম্পসনের পারিবারিক অ্যাটর্নি মাইকেল ডি হার্পার জেলখানার কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, থম্পসনের শরীর ছারপোকায় পরিপূর্ণ।

এ ঘটনায় তিনি একটি ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছেন এবং সাংবাদিকদের বলেছেন, এনিয়ে একটি মামলা মুলতুবি রয়েছে।

হার্পার এক বিবৃতিতে বলেছেন, মিস্টার থম্পসনকে একটি নোংরা কারাগারে জীবন্ত পোকামাকড় এবং ছারপোকা খেয়ে ফেলেছে। তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মিস্টার থম্পসনকে যে জেলখানায় রাখা হয়েছিল, সেটি কোনো রোগাক্রান্ত ব্যক্তির জন্য উপযুক্ত ছিল না। তিনি এর যোগ্য ছিলেন না। 

এদিকে ইউএসএ টুডে বলছে, ফুলটন কাউন্টি মেডিকেল পরীক্ষকের প্রতিবেদন অনুসারে, থম্পসনকে গ্রেপ্তারের তিন মাস পরে অর্থাৎ গত বছরের ১৯ সেপ্টেম্বর তার জেল কক্ষে প্রতিক্রিয়াহীন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় পুলিশ এবং চিকিৎসা কর্মীরা তাকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালায়, কিন্তু পরে তাকে মৃত ঘোষণা করা হয়।


হার্পার আরও বলেন, জেলের রেকর্ডে দেখা যায় কর্মকর্তা এবং চিকিৎসা কর্মীরা লক্ষ্য করেন যে, থম্পসনের অবস্থা খারাপ হচ্ছে। কিন্তু তারা থম্পসনের চিকিৎসার ব্যবস্থা করা বা তাকে সাহায্য করার জন্য কিছুই করেননি।

মেডিকেল পরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক ওয়ার্ডে তার কক্ষে একটি "গুরুতর ছারপোকার উপদ্রব" ছিল, তবে থম্পসনের শরীরে আঘাতের কোনো স্পষ্ট লক্ষণ নেই।

প্রতিবেদনে মৃত্যুর কারণ অনির্ধারিত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ছারপোকা হচ্ছে সাইমেক্স গণের অন্তর্ভুক্ত এক জাতের পোকা যারা খাদ্য হিসেবে মানুষের রক্ত গ্রহণ করে। সাধারণত রাতে এই পোকার আক্রমণ বেশি হয়। এই পোকার কামড়ের ফলে ত্বকে ফুসকুড়ি, মানসিক প্রভাব এবং অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

আরও পড়ুন: অবশেষে সেই ভাল্লুকের মৃত্যুদণ্ড স্থগিত

ছারপোকার কামড়ে ত্বকের ছোট অংশে ফুসকুড়ি হওয়া থেকে শুরু করে বড় ধরনের ফোস্কা পড়ার মতো প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। পোকার কামড়ের ফলে সৃষ্ট লক্ষণ প্রকাশ পেতে কয়েক মিনিট থেকে কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে। ত্বকের উপরিভাগের লক্ষণের পাশাপাশি চুলকানিও লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির জ্বর হতে পারে বা ক্লান্তি অনুভব করতে পারেন।

সাধারণত শরীরে অনাবৃত অংশে এর প্রকোপ দেখা যায়। ছারপোকার কামড়ের মাধ্যমে কোনো সংক্রামক রোগের বিস্তার হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। ত্বকের মৃত অংশ বা ভাসকুলাইটিসে আক্রান্ত স্থানে ছারপোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব-ই কম।


একাত্তর/আরবিএস