বিশ্বের দুই ক্ষমতাধর দেশের শীর্ষ নেতা জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল কাঙ্খিত শীর্ষ বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি বিরতিহীনভাবে পাঁচ ঘন্টা ধরে চলতে পারে।
সুইজারল্যান্ডের জেনেভার ঐতিহাসিক ভিলা লা গ্রাঞ্জে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বহুল প্রত্যাশিত এই বৈঠকে শুরু হয়।
বুধবার দেশটির স্থানীয় সময় বেলা ১টার দিকে লেক পাড়ের এই ভিলাতে বিশ্বের চির বৈরী দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের মাধ্যমে বৈঠক শুরু হয়।
এর আগে, বৈঠকে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বুধবার জেনেভার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছান।
এর কিছুক্ষণ পর, আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও সুইজারল্যান্ডের জেনেভার ভিলা লা গ্রাঞ্জে পৌঁছান। এই একই ভেন্যুতে রিগান-গরভাচেভের শীর্ষ বৈঠক হয়েছিলো।
জেনেভায় স্থানীয় সময় সকাল ১২টা ২৭ মিনিটে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বহনকারী বিমান অবতরণ করে। তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন।
আর, দ্বিপাক্ষিক এই বৈঠকে অংশ নিতে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেনেভার ভিলা লা গ্রেঞ্জে পৌঁছান বাইডেন। তাঁকেও স্বাগত জানান সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, দুই নেতার এই বৈঠকটি চার থেকে পাঁচ ঘণ্টা ধরে স্থায়ী হতে পারে। বৈঠকে আমেরিকান নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, সাইবার হামলা এবং মানবাধিকার লঙ্ঘনসহ বেশ কিছু বিষয় এই বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জেনেভায় বৈঠকে বসছেন।
বৈঠকের জন্য ভিলার ভেতরে ঢোকার আগে পুতিন এবং বাইডেন একে অপরের সঙ্গে কিছু কথা বলেন। দু’জন দু’জনকে বৈঠকের জন্য ধন্যবাদ জানিয়ে বৈঠক শুরু করেন।
তবে বৈঠক থেকে দুই নেতার কাছ থেকে খুব বড় কোন ঘোষণার আশা করছেন না রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।
যদিও উভয় নেতাই বলেছেন, অস্ত্র নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ এবং ইউক্রেইনসহ নানা বিষয়ে তাদের মধ্যে বিরোধ থাকলেও বৈঠকের আলোচনা দুই দেশের সম্পর্ককে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে বলেই তারা আশা করেন।
একাত্তর/এআর