কিয়েভের আকাশে রহস্যময় আলো নিয়ে নানা জল্পনা

ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে একটি রহস্যময় আলো দেখার পর এ নিয়ে শহরবাসীর মনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি ছিল রুশ বিমান হামলা, কারও মতে এটি উল্কাপিণ্ড, আবার কেউ কেউ মনে করছেন এটি ভিনগ্রহের এলিয়েনের কাণ্ড। 

বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানীর আকাশে ওই উজ্জ্বল আভা দেখা যায়।  

এটিকে পৃথিবীতে পড়া নাসার একটি উপগ্রহ বলে প্রাথমিকভাবে সন্দেহ করছিলেন কিয়েভের কর্মকর্তারা। তবে মার্কিন মহাকাশ সংস্থা বিবিসিকে বলেছে যে উপগ্রহটি এখনও কক্ষপথে রয়েছে।

ইউক্রেনের মহাকাশ কর্মকর্তারা পরে বলেন যে আলোটি সম্ভবত বায়ুমণ্ডলে প্রবেশ করা একটি উল্কা থেকে এসেছে। দেশটির বিমান বাহিনী আত্মবিশ্বাসী যে এটি রাশিয়ান বিমান হামলা ছিল না। 

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেন, একটি বিমান হামলার সতর্কতা সক্রিয় করা হয়েছিল কিন্তু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়নি। 

তিনি বলেন, নাসার একটি মহাকাশ উপগ্রহ পৃথিবীতে পড়ার কারণে এ ঘটনা ঘটেছে। ৩০০ কেজি ওজনের মহাকাশযানটি বুধবার বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে বলে জানিয়েছিল নাসা। 

সৌর শিখা পর্যবেক্ষণ করতে ব্যবহৃত রেসি (আরএইচইএসএসআই) স্যাটেলাইটটি ২০০২ সালে পৃথিবীর কক্ষপথে চালু করা হয়। ২০১৮ সালে এটি বাতিল করা হয়। 


নাসার যোগাযোগের অফিস থেকে রব মার্গেটা বলেন, আলোটি দেখা যাওয়ার সময়ও স্যাটেলাইটটি কক্ষপথে ছিল। সেটি রাতে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার কথা ছিল।

স্যাটেলাইট-ট্র্যাকিং ওয়েবসাইট স্যাটফ্লেয়ার নির্দেশ করে যে, রেসি তখন ইউক্রেনের কাছাকাছি কোথাও ছিল না।

আলোটি কী হতে পারে তা নিয়ে ইউক্রেনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তত্ত্ব উপস্থাপন করেছেন ব্যবহারকারীরা। একটি জনপ্রিয় তত্ত্ব হচ্ছে যে আলোটি এলিয়েনদের দ্বারা সৃষ্ট। 

আরও পড়ুন: বিরল সূর্যগ্রহণ আজ

তবে বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত ইউক্রেনীয় টিভিকে বলেন, আলোটি উত্তরে প্রতিবেশী বেলারুশের উপরেও দেখা গেছে। ইউক্রেনের মহাকাশ সংস্থা বলেছে যে এটি সম্ভবত বায়ুমণ্ডলের ঘন স্তরে প্রবেশ করা মহাজাগতিক বস্তুর সাথে সম্পর্কিত।

কিয়েভের কর্মকর্তারা বলছেন, এটি কী ছিল তা নির্ধারণ করা বিশেষজ্ঞদের উপর নির্ভর করে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শহরের নিরাপত্তা।


একাত্তর/এসজে