সিরিয়ায় অভিযানে আইএস প্রধানকে হত্যার দাবি তুরস্কের

সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শনিবার তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে আইএস নেতা আবু হুসেইন আল-কুরাইশিকে ‘নিরপেক্ষ’ করা হয় বলে তুর্কি সম্প্রচারকারী টিআরটি তুর্ককে বলেন এরদোগান। 

গত বছর তার পূর্বসূরি নিহত হওয়ার পর আবু হুসেইন আল-কুরাইশি গোষ্ঠীটির দায়িত্ব নেন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত আইএস এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এরদোগান বলেন, এমআইটি গোয়েন্দা সংস্থা ‘দীর্ঘদিন ধরে’ কুরাইশিকে অনুসরণ করছে। 

‘আমরা কোন বৈষম্য ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যাবো,’ যোগ করেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিরিয়ার সূত্র জানায়, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় শহর জান্দারিসে এ অভিযান চালানো হয়।

গত নভেম্বরে জিহাদি গোষ্ঠীটি তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশির মৃত্যুর ঘোষণা দেয়। 

সেসময় মার্কিন যুক্তরাষ্ট্র বলে, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে বন্দুকযুদ্ধের পরে মার্কিন বিশেষ বাহিনী পূর্ববর্তী নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশির আস্তানা ঘিরে ফেললে তিনি একটি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং তার পরিবারকে হত্যা করেন। 

এই অপারেশন ‘বিশ্বের জন্য একটি বড় সন্ত্রাসী হুমকিকে সরিয়ে দিয়েছে’, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেসময় বলেছিলেন।

আইএস একসময় উত্তর-পূর্ব সিরিয়া থেকে উত্তর ইরাকজুড়ে ৮৮ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল দখল করে ছিল। এসময় তারা প্রায় ৮০ মানুষের উপর তার নৃশংস শাসন চাপিয়েছিল।

২০১৯ সালে গোষ্ঠীটিকে তার শেষ অবস্থান থেকে বিতাড়িত করা হয়। তবে জাতিসংঘ গত জুলাই মাসে সতর্ক করেছিল যে এটি এখনও হুমকি রয়ে গেছে।

আরও পড়ুন: মেক্সিকোতে গিরিখাদে বাস পড়ে নিহত ১৮, আহত ৩৩

সিরিয়া এবং ইরাকে ছয় থেকে ১০ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে অনুমান করা হয়, যারা বেশিরভাগই গ্রামীণ এলাকায় অবস্থিত এবং হিট-এন্ড-রান হামলা, অ্যামবুশ এবং রাস্তার পাশে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। আইএসের আঞ্চলিক সহযোগীরা বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও হুমকি সৃষ্টি করে। 

জাতিসংঘ বলেছে, আইএসের সবচেয়ে শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত নেটওয়ার্কগুলো আফগানিস্তান, সোমালিয়া এবং লেক চাদ অববাহিকায় অবস্থিত।


একাত্তর/এসজে