প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার ফ্রান্সের প্রধান শহরগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী জমায়েত হয়ে ম্যাক্রোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। খবর: বিবিসি।
অধিকাংশ শহরে বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হলেও কয়েকটি বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, পেনশন বিল সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে পুলিশের সংঘর্ষ হয়েছে। এত কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তাদের আহতের ঘটনা বিরল। সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: রাজা চার্লসের রাজ্যাভিষেক ঘিরে লন্ডনে প্রস্তুতির ধুম
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ বলছেন দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। এক টুইট বার্তায় তিনি বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছেন তিনি।
একাত্তর/জো