ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘটতে যাচ্ছে আগামী ৬ মে। সেই আয়োজনের প্রস্তুতি চলছে জোরেশোরে। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাজকীয় অভিষেক অনুষ্ঠিত হবে। এরমধ্যে দিয়ে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা হিসেবে আনুষ্ঠাসিকভাবে আবির্ভূত হবে তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলা।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই নুতন রাজা বসবেন ব্রিটিশ সিংহাসনে । তাই যুক্তরাজ্য জুড়ে চলেছে তার প্রস্তুতি। রাজ্যাভিষেকে ব্যবহার করা হবে ৭০০ বছর পুরনো ঐতিহাসিক সিংহাসন। রাজকীয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ঐতিহ্য অনুযায়ী রাজকীয় অনুষ্ঠানে থাকছে নানা আনুষ্ঠানিকতা। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ঐতিহাসিক প্যারেডে অংশ নেবেন নৌ, বিমান ও সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য। এতে যোগ দিতে কমনওয়েলথভুক্ত নিউজিল্যান্ড, ব্রুনাই, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকেও এসেছে সেনারা। চলছে সেই মহড়া। সব খানেই যেন অভিষেকের ঢ়ুম তাল।
কেবল প্যারেড নয়। রাজা ৭০০ বছর পুরানো একটি আসনে বসবেন। চেয়ারটি বানানো হয়েছিল ৭০০ বছর আগে । ১৩০৮ সালে রাজা দ্বিতীয় এডওয়ার্ডের সময় এটি ব্যবহার করা হয়েছিল। রাজা তৃতীয় চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেবেন আর্চ বিশপ। স্বর্ণের এই মুকুটটি তৈরি করা হয়েছিল ১৬৬১ সালে।
আরো থাকছে ১৬৯০ সালের দিকে তৈরি বিশেষ সোনালি বাহন, যা শেষবার ব্যবহার করা হয়েছিল ১৯৮১ সালে, প্রিন্স চার্লস ও লেডি ডায়ানার বিয়ের সময়। এবার রাজার অভিষেক আয়োজন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে তা। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিতব্য এই বিশাল আয়োজনে ধর্মীয় রীতি মেনে ঈশ্বর এবং দেশ উভয়ের কাছে প্রতিজ্ঞা করবেন।
রাজার অভিষেক অনুষ্ঠানের অতিথিদের তালিকা তৈরি হয়েছে আরও আগেই। পৌঁছে গেছে দাওয়াতপত্রও। উপস্থিত থাকছেন নানা প্রান্তের বিশ্ব নেতারা। তালিকায় আছেন তারাকারাও।
ইতিহাস বলছে, এ যাবতকালে কোনো মার্কিন প্রেসিডেন্টই ব্রিটেনের কোনো রাজা বা রানীর অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি। যা এখন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। আর সেই রীতি মেনেই জো বাইডেন রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানেও অংশ নেবেন না।

রানী ভিক্টোরিয়ার রাজত্ব শুরুর আগে ১৮১২ সালে ব্রিটেনের সঙ্গে যুদ্ধ হয় যুক্তরাষ্ট্রের। এর পর ১৮৩৭ সালে ভিক্টোরিয়া যখন সিংহাসনে আসীন হন, তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন মার্টিন ভ্যান বুরেন। তিনি ভিক্টোরিয়ার অভিষেক অনুষ্ঠানে যাননি।
সেই থেকে এখন পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্টই ব্রিটিশ রাজা বা রানীর রাজ্যাভিষেকে অংশ নেওয়ার নজির নেই। যদিও এখন দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো। এর আগে গত বছর রানীর দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন বাইডেন। এটি ছিল কোনো ব্রিটিশ রাজা বা রানীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রথম মার্কিন প্রেসিডেন্টের অংশগ্রহণ।
ইতিহাসে প্রথমবার ব্রিটিশ রাজার রাজ্যাভিষেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন খ্রিস্টান ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী নেতারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুসলিম, হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈন নেতারা সক্রিয় ভূমিকা নেবেন রাজ্যাভিষেকের প্রক্রিয়ায়।
ঐতিহাসিক দিনটি উপলক্ষে ব্রিটিশ কোম্পানি ও দাতব্য প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে নানান ধরনের পণ্য ও সুভিনির। ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুতি নিচ্ছে ভক্তরাও। তাবু, ফোল্ডাবেল বেড, ব্যাগ, খাবারদাবার নিয়ে তারা বসে পড়েছেন প্রাসাদের কাছাকাছি।
অভিষেকের পরের দিন উইন্ডসর রাজপ্রাসাদে আয়োজিত হবে অভিষেকের বিশেষ কনসার্ট। এতে ব্রিটেনের রাজপরিবারের প্রতি সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করবেন বিশ্ব তারকারা। হলিউড তারকা টম ক্রুজ, সংগীতশিল্পী লাওনেল রিচি, কেটি পেরিসহ তারকারা এতে অংশ নেবেন।
একাত্তর/এআর
