সংঘাতময় সুদানের রাজধানী খার্তুমে আটকে পড়া বাংলাদেশিদের একটি অংশ সুদানের বন্দর শহরটির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তারা সেখান থেকে সৌদি আরব হয়ে দেশে ফিরবেন।
খার্তুমে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় ফেরানো হচ্ছে তাদের। মঙ্গলবার সকালে তিন জায়গা থেকে ১৩টি বাসে করে এই বাংলাদেশিরা পোর্ট সুদানের উদ্দেশ্যে রওনা করেন।
এর আগে সোমবার রাত থেকে বাসছাড়ার স্থান খার্তুমের শারিয়া আল সিত্তিন ও মাদানি স্ট্রিটের চৌরাস্তা ও আল-সালাম হোটেলে এসে জড়ো হন ৬২৩ জন।
আগে থেকে পোর্ট সুদানগামী রাস্তায় অবস্থান করছিলেন ৫৯ জন। পোর্ট সুদান পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সবাইকে। তারপরেই পৌঁছাবেন পোর্ট সুদানে।
সেখানে পৌঁছার পর জাহাজে করে বাংলাদেশিরা সৌদি আরবের জেদ্দায় পৌঁছাবেন। সেখান থেকে তাদেরকে উড়োজাহাজে করে ঢাকায় নিয়ে আসা হবে।
খার্তুমে বাংলাদেশ দূতাবাস বলেছিলো যে, তারা খার্তুম এবং আশপাশের শহরগুলো থেকে বাংলাদেশিদের পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে।
সুদানে আটকে পড়া সব বাংলাদেশিকে ২ মে এর মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে এবং দু-একদিনের মধ্যে তারা জেদ্দায় পৌঁছাবে বলে দূতাবাস জানিয়েছে।
জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল সুদান থেকে আনা নাগরিকদের খাবার, পানি, ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে। সেখান থেকে তাদেরকে দেশে নিয়ে আসবে বাংলাদেশ বিমান।
প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে এর আগে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফেরানো হবে তাদের।
একাত্তর/এআর