সার্বিয়ার একটি স্কুলের শ্রেণীকক্ষে নিজের আটজন সহপাঠী ও এক নিরাপত্তা প্রহরীকে গুলি করে হত্যা করেছে এক শিক্ষার্থী। এ ঘটনায় ১৪ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার সকাল আটটার দিকে রাজধানী বেলগ্রেডের কেন্দ্রীয় ভ্রাকার জেলার ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে এই হামলার ঘটনা ঘটে।
এ হামলায় আহত হয়েছেন ওই শ্রেণির একজন শিক্ষক ও আরও ছয় শিক্ষার্থী। ওই শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভ্রাকারের মেয়র মিলান নেদেলকোভিচ।
ওই শ্রেণির এক শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে যে ক্লাসে ছিল সেখানে বন্দুক হামলা চালানো হয়। ওই শিক্ষার্থী প্রথমে শিক্ষককে গুলি করে এবং তারপর এলোমেলোভাবে গুলি চালাতে শুরু করে। তবে তার মেয়ে অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়।
হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরা পুলিশ কর্মকর্তারা স্কুলের চারপাশ ঘিরে রেখেছে। হতাহতদের চিকিত্সা করা হচ্ছে এবং গুলি চালানোর পেছনের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে।
আরও পড়ুন: অ্যাক্টিভিস্টদের ওপর হামলায় শীর্ষে ভারত-ব্রাজিল-মেক্সিকো
সন্দেহভাজন হামলাকারী তার বাবার বন্দুক ব্যবহার করে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সার্বিয়াতে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটিতে খুব কঠোর বন্দুক আইন রয়েছে এবং অবৈধ বন্দুক হস্তান্তর বা নিবন্ধন করা মালিকদের জন্য বেশ কয়েকটি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
একাত্তর/এসজে