কঙ্গোতে আকস্মিক বন্যায় ১৭৬ প্রাণহানি

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৭৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন আঞ্চলিক কর্মকর্তা। 

বৃহস্পতিবার দক্ষিণ কিভু প্রদেশে মুষলধারে বৃষ্টির কারণে একটি নদী উপচে পড়ে এবং বুশুশু এবং নিয়ামুকুবি গ্রামে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটায় বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রাদেশিক সরকার। 

দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি মৃতের সংখ্যা ১৭৬ জন উল্লেখ করে বলেছেন, আরও অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে।

তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেন, এখন পর্যন্ত ২২৭টি লাশ পাওয়া গেছে।

তিনি বলেন, মানুষ খোলা জায়গায় ঘুমাচ্ছে। স্কুল এবং হাসপাতাল ভেসে গেছে। 

শুক্রবার আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পর বিভিন্ন ছবিতে দেখা যায়, চ্যাপ্টা বাড়ি এবং ঢেউখেলানো লোহার ছাদগুলো মাটির পুরু স্তরের নীচে থেকে বেরিয়ে আসছে। 

আরও পড়ুন: রাজা চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন

ভারী বর্ষণ ও বন্যার কারণে দেশের অন্যান্য অঞ্চলেও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দক্ষিণ কিভুতে বন্যা এবং ভূমিধস অস্বাভাবিক ঘটনা নয়। গত মাসে উত্তর কিভু প্রদেশে ভূমিধসের একদিন পর অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। 


একাত্তর/এসজে