ইসরাইলি সেনাদের আত্মহত্যার প্রবনতা বাড়ছে

যুদ্ধ বা সংঘাত নয়, ইসরাইলের সেনাবাহিনীর সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনা সদস্যদের আত্মহত্যা। গেলো বছর ফিলিস্তিনিদের হামলায় যে কয়জন ইসরাইলি সৈন্য প্রান হারিয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি আত্মহত্যা কারণে মারা গেছে। 

ইসরাইল-ফিলিস্তিনিদের মধ্যে লড়াই প্রতিনিয়ত তীব্র আকার ধারণ করেছে। আর এই যুদ্ধের মাঝেই ইসরাইলি সেনাবাহিনীর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের যুদ্ধক্লান্ত সৈনিকদের মধ্যে ক্রমাগত আত্মহত্যার প্রবণতা বেড়ে চলা। 

দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি পরিস্থিতিকে ইসরাইলের সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক ও ভয়ংকর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। ইসরাইলের সামরিক কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

ইসরাইলি সেনা বাহিনীর এক কর্মকর্তা জানান, গত বছর যেসব সেনা আত্মহত্যা করেছেন তারা সবাই বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের কারণে এসেছিলেন। তবে, তারা সামরিক প্রশিক্ষণ নেয়ার সময় নয়, এর পরেই তারা আত্মহত্যা করেন। 

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশটিতে তিনজন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে দুইজন মারা গেছে গত সপ্তাহে। ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে, গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় ৪৪ জন সেনা মারা গেছে। তার আগের বছর এই সংখ্যা ছিল ৩১ জন। এর ফলে তীব্র অসন্তোষ প্রকাশ পাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে।

প্যালেস্টাইন টুডে বলছে, আত্মহননে বর্তমানে ইসরাইলি সেনাদের মৃত্যুর প্রধাণ কারণ। কোনো যুদ্ধে না জড়িয়েও নানা কারণে সেনারা আশংকা জনক হারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এবং সাম্প্রতিক বছর গুলোতে আত্মহত্যার গ্রাফ ক্রমশই উপরের দিকে উঠছে। 

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের তথ্য ও গবেষণা কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান বলছে, প্রতি বছর ইসরাইলে কমপক্ষে ৫০০ আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে অন্তত ১০০ ব্যক্তির বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।


একাত্তর/এআর