এবার দুই হাজার রুপির নোট তুলে নিচ্ছে ভারত

এবার দুই হাজার রুপির নোট বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা করেছে ভারত। 

আরবিআইয়ের ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অপর ব্যাংকগুলো ২৩ মে থেকে দুই হাজার রুপির নোট বিনিময় শুরু করবে। খবর: ইন্ডিয়া টুডে।

শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যাংকে গিয়ে নোটের পরিবর্তে অন্য ব্যাংক নোট নিতে পারবেন দেশটির নাগরিকেরা। 

ওই ঘোষণায় অবিলম্বে সব ব্যাংককে দুই হাজার রুপির নোট সরবরাহ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে আরবিআই।

এক হাজার ও ৫০০ রুপির নোট বাতিলের ৭ বছর পর এবার কোপে পড়ল দুই হাজার রুপির নোট। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার এক হাজার ও ৫০০ টাকার ব্যাংক নোট বাতিল করে নতুন দুই হাজারের ব্যাংক নোট চালু করে।

২০১৬ সালের নভেম্বরে দুই হাজার রুপির নোট ছাপানো শুরু করে ভারত। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক হাজার ও পাঁচশ’ রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেন।

আরবিআই আরও জানায়, ২৩ মে থেকে যেকোনো ব্যাংকে দুই হাজার রুপির নোট জমা দিয়ে বিনিময় করা যাবে। এ সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাংক শাখার নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। একবারে ২০ হাজার রুপি পর্যন্ত বিনিময় করা যাবে।

আরবিআই জানায়, দুই হাজার রুপির নোট ছাপানোর উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। ফলে ২০১৮-১৯ অর্থবছরে এই নোট ছাপানো বন্ধ হয়েছে।

আরও পড়ুন: ইমরানের বাসভবনে পাঞ্জাব পুলিশের প্রতিনিধি দল

২০১৬ সালে এক হাজার ও ৫০০ রুপির নোট বাতিলের কারণ হিসেবে কালো টাকা উদ্ধার এবং ভারতীয় জাল টাকা প্রতিরোধের কথা বলেছিল বিজেপি সরকার। বর্তমানে বাজারে ৩.৬৫ লক্ষ কোটির দুই হাজারের নোট বাজারে রয়েছে।


একাত্তর/জো