ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি সশস্ত্র দল প্রবেশ করেছে এবং সেখানে হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, সেখানে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবার অঞ্চলটির গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গ্লাদকোভ জানান, 'নাশকতাকারীদের' ধরতে ওই অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
ইউক্রেন এ হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, দুটি আধাসামরিক গোষ্ঠীর রুশ নাগরিকরা এই অনুপ্রবেশের পেছনে রয়েছে।
কিয়েভ বলছে, চলমান ঘটনার সাথে লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন এবং রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরভিসি) নামে দু'টি গ্রুপ জড়িত।
এদিকে গ্লাদকোভ জানান, একটি গ্রামে গোলা বর্ষণের পর হাসপাতালে ভর্তি হওয়া দু'জন এবং গ্রেভোরন শহরে শ্যাম্পেলের আঘাতে তিন ব্যক্তিসহ আট জন আহত হয়েছেন।
এ হামলায় তিনটি বাড়ি এবং একটি স্থানীয় প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি 'অত্যন্ত উত্তেজনাপূর্ণ' বলে জানান তিনি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টকেও বিষয়টি জানানো হয়েছে।
পেসকভ রাশিয়ান বার্তা সংস্থাকে বলেছেন, নাশকতাকারী গোষ্ঠীকে নির্মূল করার প্রচেষ্টা চলছে। আমরা এই ধরনের নাশকতার উদ্দেশ্য পুরোপুরি বুঝতে পারি। বাখমুতের দিক থেকে মনোযোগ সরানো, ইউক্রেনের পক্ষ থেকে বাখমুতের ক্ষতির রাজনৈতিক প্রভাব কমিয়ে আনার চেষ্টা।
একাত্তর/আরবিএস