আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

উত্তর-পূর্ব আফগানিস্তানের বাদাখশানের অস্থায়ী গভর্নর নিসার আহমেদ আহমাদি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় কেউ স্বীকার করেনি। 

আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ হামলায় আহমাদির গাড়ির চালকও নিহত হয়েছেন। অন্যদিকে আহত হয়েছেন আরও ছয় জন। 

ওই অঞ্চলের এক জন পুলিশ প্রধান নিহত হওয়ার কয়েক মাস পর মঙ্গলবার নতুন এ হামলার ঘটনা ঘটল।

বাদাখশানের অস্থায়ী গভর্নর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক রাজধানী ফায়জাবাদে এ হামলার ঘটনা ঘটে। তিনি গত মাসে ডেপুটি গভর্নর থেকে অস্থায়ী গভর্নর হয়েছিলেন।

আরও পড়ুন: শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূসের বিচার শুরু

আহমাদির মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান মুয়াজউদ্দিন আহমাদি বলেছেন, এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন গভর্নর।

২০২১ সালে মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। কিন্তু তালেবান-ইসলামিক স্টেটের (আইএস) দ্বন্দ্বের কারণে ক্রমেই সহিংসতা বাড়ছে দেশটিতে। তালেবান সংশ্লিষ্টদের ধারণা, এসব হামলার সাথে ইসলামিক স্টেট জড়িত। 


একাত্তর/আরবিএস