ফ্রান্সে পার্কে ছুরি হামলায় চার শিশুসহ পাঁচজন আহত

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের অ্যানেসির একটি পার্কে এক সিরিয়ান নাগরিকের ছুরি হামলায় চার শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে শহরের একটি লেকসাইড পার্কে এ ঘটনা ঘটে। 

একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, হামলাকারী একজন সিরিয়ান নাগরিক এবং ফ্রান্সে বৈধ শরণার্থী। 

তিনি নিরাপত্তা সংস্থার কাছে পরিচিত নন এবং তার উদ্দেশ্য অস্পষ্ট বলে একটি তদন্তকারী সূত্র জানিয়েছে।

হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইটবার্তায় বলেছেন। 

আরও পড়ুন: অস্ট্রিয়ায় যাত্রীবাহী ট্রেনে আগুন, উদ্ধার ২০০

এ হামলায় দুই শিশু এবং একজন প্রাপ্তবয়স্কের জীবন হুমকির মধ্যে রয়েছে এবং দুই শিশু সামান্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে এক বিবৃতিতে এ হামলাকে ‘পরম কাপুরুষতার কাজ’ বলে অভিহিত করেছেন।


একাত্তর/এসজে