সংস্কার না হলে মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে না বদলানো হলে দেশটি টিকবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক এক সাপ্তাহিক অনুষ্ঠানে ওই সাক্ষাৎকার দিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে বদলাতে হবে; তা না হলে দেশটি টিকবে না।

তিনি বলেন, তিনি মনে করেন, যখন দেশ পরিচালনার কথা আসে, তখন পরিবর্তন করার দায়িত্বটাও তার ওপরই বর্তায়। কারণ, মালয়েশিয়া কিছুটা উচ্ছন্নে গেছে।

তিনি আরও বলেন, একটি সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার ও পরিবর্তনের সংকল্প না থাকলে তিনি মনে করেন না যে মালয়েশিয়া টিকে থাকবে।

মালয়েশিয়াকে জাতিভিত্তিক থেকে চাহিদাভিত্তিক ইতিবাচক কর্মনীতিতে রূপান্তরের ব্যাপারে আনোয়ার তার অঙ্গীকারের কথা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি তার দেশে সংস্কার আনার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

গত শতকের নব্বইয়ের দশকে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার। একপর্যায়ে তাকে বরখাস্ত করেন মাহাথির। আনোয়ারের বিরুদ্ধে সমকামিতা ও দুর্নীতির অভিযোগ আনা হয়। তাকে দুবার কারাগারে যেতে হয়। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হয়।

আরও পড়ুন: বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

মালয়েশিয়া একটি বহু জাতিগোষ্ঠীর দেশ। জাতিগত ও ধর্মীয় বিষয়গুলো মালয়েশিয়ায় বহু দিনের পুরোনো সমস্যা। ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম ২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন।


একাত্তর/জো