মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ নিয়ে মজা করা এক কমেডিয়ানকে খুঁজতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার আইনের অধীনে উসকানিমূলক এবং আপত্তিকর অনলাইন কনটেন্টের বিষয়ে সিঙ্গাপুরে বেড়ে ওঠা মার্কিন নাগরিক জোসেলিন চিয়ার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান অ্যাক্রিল সানি আবদুল্লাহ সানি বলেছেন, চিয়ার ‘সম্পূর্ণ পরিচয়’ এবং ‘সর্বশেষ অবস্থান’ পাওয়ার জন্য বুধবার ইন্টারপোলের কাছে একটি আবেদন করা হবে।
গত সপ্তাহে অনলাইনে পোস্ট করা তার একটি কৌতুকের ব্যাপারে মালয়েশিয়া প্রতিবাদ জানানোর পর সিঙ্গাপুর ক্ষমা প্রার্থনা করেছে।
এমএইচ৩৭০ ফ্লাইটটি ২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়।
ভারত মহাসাগরে চার বছর ধরে খোঁজাখুঁজি করেও উড়োজাহাজটির মূল দেহ খুঁজে পাওয়া যায়নি। ফ্লাইটে থাকা ২৩৯ জনের সবাই মারা গেছে বলে ধারণা করা হয়।
ইন্টারপোল মালয়েশিয়ার পুলিশের সহায়তার অনুরোধে কাজ করবে কিনা সে বিষয়ে বিবিসির প্রশ্নের কোনো জবাব দেয়নি তারা।
মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তবে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখনও ইঙ্গিত দেয়নি যে তারা চিয়াকে বিচার বা অভিযুক্ত করতে চায়। তাদের তদন্তের পরিধিও স্পষ্ট নয়।
ম্যানহাটনের কমেডি সেলার ভেন্যুতে চিয়ার সাম্প্রতিক স্ট্যান্ড-আপ সেটের একটি ভিডিও ক্লিপ পোস্ট করার পর এই ঘটনার সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: জাপানে সেনা প্রশিক্ষণ রেঞ্জে গুলিতে দুই সৈন্য নিহত
এতে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে কথাবার্তা ছিল, যারা একসময় একই দেশের অংশ ছিল।
উল্লেখ্য, সিঙ্গাপুর একটি ‘প্রথম বিশ্বের দেশ’ হয়ে উঠেছে যেখানে মালয়েশিয়া এখনো ‘উন্নয়নশীল’ রয়ে গেছে। চিয়া মজা করে বলেছিলেন যে মালয়েশিয়ার উড়োজাহাজ ‘উড়তে পারে না’।
একাত্তর/এসজে