চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শি গেটসকে বলেছেন যে তিনি ‘প্রথম আমেরিকান বন্ধু’ যার সাথে তিনি এই বছর বেইজিংয়ে দেখা করেছেন।
বিল গেটস হলেন সর্বশেষ হাই-প্রোফাইল মার্কিন ব্যবসায়িক নেতা, যিনি চীনের সীমান্ত পুনরায় চালু করার পর থেকে চীন সফর করেছেন।
এই সপ্তাহান্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
‘আমি প্রায়শই বলি যে চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ, এবং আমরা সবসময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে দুই দেশের জনগণের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে’, শি বলেছেন।
এটি সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে শির প্রথম বৈঠক। তিনি ২০২০ সালে বিদেশ ভ্রমণ বন্ধ করে দিয়েছিলেন, যখন মহামারী চলাকালীন চীন তার সীমানা বন্ধ করে দিয়েছিল। শি এবং গেটস সর্বশেষ ২০১৫ সালে দেখা করেছিলেন বলে জানা গেছে।
এই বছর টেসলার ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক সবাই চীনে ভ্রমণ করেছেন। তবে তারা চীনের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করলেও, শির সাথে দেখা করেননি।
আরও পড়ুন: প্রথম মুসলিম নারী ফেডারেল বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যানের ভূমিকায় বিল গেটস চীনে রয়েছেন। এটি একটি অলাভজনক সংস্থা যা তিনি তার প্রাক্তন স্ত্রীর সাথে শুরু করেছিলেন।
২০২০ সালে বিল গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে মাইক্রোসফটের বোর্ড থেকে পদত্যাগ করেন।
একাত্তর/এসজে