ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চল, নিহত ১১

ভয়াবহ এক গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঘূর্ণিঝড়ে রিও গ্রান্ডে দ্য সুল রাজ্যে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের, নিখোঁজ রয়েছেন আরও ২০ জন।

শুক্রবার অঞ্চলটিতে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি। খবর: রয়টার্স।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক এলাকা। বন্যা কবলিত এলাকায় নিখোঁজদের খুঁজে বের করতে হেলিকপ্টারে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় আট হাজার মানুষের আবাস কারা শহর।

রিও গ্র্যান্ডে দ্য সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এলাকাটি পরিদর্শন করে বলেন, কারার পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। একটি সংগঠিত উপায়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র তৈরি করতে হবে। তারপর দ্রুত তাদের সহায়তা পৌঁছাতে হবে।

রিও গ্রান্ডে দ্য সুল রাজ্য কর্তৃপক্ষ বলছে, পূর্ব উপকূলের ম্যাকুইন পৌরসভায় শুক্রবার রাত পর্যন্ত প্রায় এক ফুট বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা শহরে একটি সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। বেশ কয়েকটি এলাকায় ভূমিধ্বসের সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আসামে বন্যায় প্লাবিত ১১ জেলা, ৩৮ হাজার মানুষ আক্রান্ত

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, এ মুহূর্তে তাদের অন্যতম লক্ষ্য হলো মানুষের জীবন রক্ষা করা। তাদের বাঁচানো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। তারা আটকে পড়া লোকদের উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করছেন বলে জানান গভর্নর। 


একাত্তর/জো