নেপালের রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মেক্সিকান নাগরিকসহ ছয়জন নিহত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর উত্তর-পূর্বের লিখু অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বিধ্বস্ত হেলিকপ্টারের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারে ক্যাপ্টেন ছাড়াও পাঁচজন বিদেশি পর্যটক ছিলেন। যারা সবাই মেক্সিকোর নাগরিক।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল চপারটির। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট দেখাতে পর্যটকদের বহন করছিল মানাং এয়ারের হেলিকপ্টারটি।
আরও পড়ুন: ইইউ-ন্যাটোকে যে শর্ত দিলেন এরদোয়ান
সোলুখুম্বু জেলার আঞ্চলিক কর্মকর্তা সীতা অধিকারী বলেছেন, উদ্ধারকারীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে। এরইমধ্যে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে।