উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। করোনা মহামারীর পরে এই প্রথম কোনো বিদেশি প্রতিনিধির সাথে আলোচনায় বসলেন কিম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিম এবং শোইগু প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত "পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো" নিয়ে আলোচনা করেছেন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনী দেখেছেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলছে, তাদের বৈঠকটি নতুন শতাব্দীর প্রয়োজনে কৌশলগত এবং ঐতিহ্যগত সম্পর্ক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ ছিল।
এসময় শোইগু কিমকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লেখা একটি চিঠি দিয়েছেন। জবাবে, কিম শোইগুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে এডভোকেট হত্যায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পরে সের্গেই শোইগু উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সুন ন্যামের সঙ্গে আলোচনা করেন।
এদিকে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লি হংঝং-সহ একটি চীনা প্রতিনিধিদলও পিয়ংইয়াং সফর করেছে।
বৃহস্পতিবার পিয়ংইয়াং এ একটি বড় সামরিক কুচকাওয়াজ হবে বলে আশা করা হচ্ছে, যেখানে চীন এবং রাশিয়া উভয় দেশের প্রতিনিধি উপস্থিত থাকবে।
একাত্তর/আরবিএস