অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া স্থগিত

কুইন্সল্যান্ড উপকূলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার ‘টালিসম্যান সেইবার’ সামরিক মহড়ার পরিচালক ব্রিগেডিয়ার ডামিয়ান হিল জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর থেকে মহড়া বন্ধ রাখা হয়েছে। খবর এএফপির।

তিনি জানান, মহড়ায় অংশগ্রহণকারী সেনাদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ও পরিস্থিতির বিষয়ে তাদের অবহিত করার জন্যই এ বিরতির সিদ্ধান্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস জানিয়েছেন, নিখোঁজ এমআরএইচ-৯০ হেলিকপ্টার ও এর চার ক্রুর খোঁজে ওই এলাকায় অভিযান চলছে।

টালিসম্যান সেইবার মূলত অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া হলেও আরও ১১টি দেশ এবং ৩০ হাজারেরও বেশি সেনা এতে অংশ নিচ্ছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির মধ্যে নিজেদের ঐক্য ও শক্তি প্রদর্শনে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো এ মহড়ার আয়োজন করেছে।

আরও পড়ুন: আন্দামান দ্বীপপুঞ্জে ছয় মাত্রার ভূমিকম্প

শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিখোঁজ হয়েছেন।


একাত্তর/আরএ