ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত সংবাদের বেশিরভাগই ভুয়া এবং নিয়ন্ত্রিত বলে অভিযোগ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বুধবার রাশিয়ায় অনুষ্ঠিত 'এলিমেন্টস অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং' উন্মুক্ত সংলাপে এসব কথা বলেন পেসকভ। খবর বার্তা সংস্থা তাসের।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, পশ্চিমা গণমাধ্যম প্রকৃতপক্ষে সামরিক নিয়ন্ত্রণের (সেন্সরশিপ) মুখোমুখি হচ্ছে। কারণ, তাদের সেই 'নির্দেশ' দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া আউটলেটগুলো 'দুঃখজনকভাবে অ্যাংলো-স্যাক্সন, আমেরিকান এবং ব্রিটিশ।
পশ্চিমে অসংখ্য গুরুত্বপূর্ণ মিডিয়া আউটলেট, অনেক প্রতিভাবান-বুদ্ধিমান এবং পেশাদার সাংবাদিক রয়েছেন উল্লেখ করে পেসকভ বলেন, তবে এখন যেহেতু তারা সবাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ফলে তারা সম্পূর্ণ সামরিক সেন্সরশিপের অধীনে বাস করছে।
আরও পড়ুন: 'স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে'
তিনি দাবি করেন, সামরিক হস্তক্ষেপের কারণে পশ্চিমা গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্যের বেশিরভাগই ভুয়া খবর, ইচ্ছাকৃতভাবে তৈরি এবং নিয়ন্ত্রিত।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিল। ওই বার্তায় ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ।