রাহুল গান্ধীর সাজা স্থগিত করলো সুপ্রিম কোর্ট

মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেয়া সাজা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদে ফিরতে ও আগামী বছরের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার কোনও বাধা রইলো না। 

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্তর্গত পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের বিধায়ক পূর্ণেশ মোদির আনা একটি মামলায় রাহুলকে মার্চ মাসে দোষী সাব্যস্ত করা হয়। 

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদী উপনামযুক্ত অন্যান্য ব্যক্তিদের অপমানজনক বলে বিবেচিত মন্তব্যের জন্য এ মামলা করা হয়। 

এ মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়া হলেও, জেলের মেয়াদ স্থগিত রেখে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

দোষী সাব্যস্ত হওয়ার পরে তিনি তার সংসদীয় আসনও হারান, যেহেতু দুই বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত রাজনীতিবিদরা স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে যান।

রায়ের বিরুদ্ধে নিম্ন আদালত এবং গুজরাটের উচ্চ আদালত রাহুলের আপিল খারিজ করে দেয়, যার ফলে তাকে সুপ্রিম কোর্টে আপিল করতে হয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই বলেছেন, নিম্ন আদালত গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিলেও তার জন্য কোনও কারণ দেখায়নি। 

আরও পড়ুন: পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া হতে পারে ৯ আগস্ট

রাহুল তাৎক্ষণিক এ আদেশের কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে কংগ্রেস সদস্যরা উদযাপনে ফেটে পড়েন, স্লোগান দেন এবং নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে মিষ্টি বিতরণ করেন।


একাত্তর/এসজে