বৈশ্বিক বৈষম্য কমাতে সহায়ক হবে ব্রিক্‌স: লুলা দা সিলভা

আঞ্চলিক অর্থনৈতিক জোট 'ব্রিকস' বিশ্বে বিশেষ ভূমিকা পালন করে এবং বৈশ্বিক বৈষম্য কমাতে সাহায্য করতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিউ লুলা দা সিলভা। 

ব্রিকসের গুরুত্বপূর্ণ পাঁচ সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা ছাড়াও এ জোটে অন্যান্য দেশের যোগদানের বিষয়ে তার পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান লুলা। 

স্থানীয় সময় বুধবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বিদেশি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর এপি'র। 

লুলা বলেন, এ মাসের শেষ দিকে (২২ থেকে ২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিক্সের ১৫তম শীর্ষ সম্মেলন নিয়ে তিনি আশাবাদী। তিনি অংশীদার দেশগুলোকে নিজেদের মুদ্রা দিয়ে লেনদেনের কথা পুনরায় জোর দিয়ে উল্লেখ করেন।

মার্কিন ডলারের বিপরীতে আঞ্চলিক মুদ্রার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চীন বা আর্জেন্টিনার সাথে বাণিজ্য করার জন্য ব্রাজিলের কেন ডলারের প্রয়োজন পড়বে? আমরা আমাদের মুদ্রায় ব্যবসা করতে পারি। 

লুলা আশা করেন, ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) চেয়ে 'বেশি দক্ষ' হবে। 

আরও পড়ুন: দেশে সাইবার হামলার হুমকিতে সতর্কতা জারি

ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোসহ ব্রিকসের সদস্য দেশগুলোর অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নে অর্থায়নের লক্ষ্য নিয়ে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য- ব্রিকসভুক্ত দেশগুলোর মার্কিন ডলার এবং ইউরোর ওপর নির্ভরশীলতা কমানো। 

এ পর্যন্ত পাঁচ প্রতিষ্ঠাতা সদস্য দেশকে এনডিবি ৯৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য তিন হাজার ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছে। 


একাত্তর/আরবিএস