ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে একটি ব্লাড ব্যাংকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার হামলার তথ্যটি নিশ্চিত করলেও এখন পর্যন্ত আহত বা নিহতের সংখ্যা জানাতে পারেননি জেলেনস্কি।
একে যুদ্ধাপরাধের সাথে তুলনা করে তিনি বলেন, এই হামলা রুশ আগ্রাসন সম্পর্কে সবকিছু বলে দিচ্ছে।
তিনি সামাজিক যোগাযো গমাধ্যমে জানান, রুশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরের কুপিয়ানস্ক শহরে এ হামলা চালানো হয়।
শনিবার কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাংকার লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যে খারকিভে পাল্টা হামলা চালায় মস্কো।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আগুনে পুড়ে বাবা ও পাঁচ ছেলের মৃত্যু
রুশ কর্মকর্তারা জানান, ট্যাংকারটিতে ১১ জন ক্রুর ছিলেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইউক্রেন সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে কিয়েভ প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও দেশটির নিরাপত্তা সেবার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, হামলায় সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
একাত্তর/আরবিএস