পাঁচ বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। 

মঙ্গলবার জারি করা একটি বিজ্ঞপ্তিতে, আদালতের আদেশের উদ্ধৃতি দিয়ে ইমরানকে নির্বাচন আইনের অধীনে অযোগ্য ঘোষণা করে ইসিপি। খবর: ডন। 

এর আগে, শনিবার পিটিআই প্রধানের বিরুদ্ধে ইসিপির ফৌজদারি অভিযোগের শুনানির সময় ইসলামাবাদের একটি আদালত ইমরানকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানার আদেশ দেয়।এরপর লাহোর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আদালতের আদেশে বলা হয়, তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য দিতে গিয়ে তিনি প্রতারণা করেছেন যা পরে মিথ্যা ও ভুল প্রমাণিত হয়েছে। তার অসততা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। 

ইসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান আহমেদ খান নিয়াজিকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং এনএ-৪৫ কুররাম-১ নির্বাচনী এলাকা থেকে ফেরত প্রার্থী হিসেবেও ডি-নোটিফাই করা হয়েছে। 

এর আগে, মঙ্গলবার ইমরান ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) তার আইনজীবীদের মাধ্যমে ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেন। 

বুধবার আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে আবেদনটির শুনানি হবে।

আরও পড়ুন: নাইজারে অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ওয়াগনার: ব্লিঙ্কেন

গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে পিটিআই প্রধানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেপ্তার করে পাকিস্তানি রেঞ্জার্স। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। পরে দুইদিনের মাথায় তাকে মুক্তি দেয়া হয়।


একাত্তর/এসজে