ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় তুর্কি সেনা নিহত হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরাকের উত্তরাঞ্চলের য্যাপ এলাকায় বুধবার ও বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত এপ্রিল থেকে ওই অঞ্চলে "ক্ল লক" নামে সামরিক অভিযান চালিয়ে আসছে তুরস্ক।
আঙ্কারার দাবি, ইরাকের ভূমি ব্যবহার করে পিকেকে গেরিলারা তুরস্কের অভ্যন্তরে যে হামলা চালায়, তা ঠেকানোর জন্য এই সামরিক অভিযান চলছে।
ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা জুড়ে পিকেকে গেরিলাদের তৎপরতা রয়েছে যেখানে অভিযান চালানো খুবই দুঃসাধ্য ব্যাপার। তবে তুর্কি কর্মকর্তারা বলে আসছেন, যেকোনো মূল্যে ওই এলাকাকে গেরিলা মুক্ত করা হবে।
আরও পড়ুন: বিএনপির হারানোর কিছু নেই: ফখরুল
পিকেকে গেরিলাদেরকে তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যা দিয়ে থাকে। গোষ্ঠীটি ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করেছে।
পিকেকে গোষ্ঠীকে প্রতিহত করার জন্য ইরাকের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছে তুরস্ক।
একাত্তর/আরবিএস