জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জ টাইফুন লানের আওতার মধ্যে পড়েছে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।
শুক্রবার প্রচণ্ড বাতাস, উঁচু ঢেউ এবং ভূমিধসের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছেন আবহাওয়া কর্মকর্তারা। খবর এনএইচকে'র।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টাইফুন লান চিচিজিমা দ্বীপের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছিল এবং এটি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হচ্ছে।
লানের কেন্দ্রে বাতাসের চাপ ৯৪০ হেক্টোপাসকাল এবং এর কেন্দ্রের কাছাকাছি বাতাস বইছে ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে। আর দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩৪ কিলোমিটার।
আরও পড়ুন: ভোটের অধিকার ফিরে পেতে বিএনপির ‘যুদ্ধ ঘোষণা’
কর্তৃপক্ষ বলছে, ঝড়ের প্রভাবে সোমবার থেকে পূর্ব ও পশ্চিম জাপানে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
এরইমধ্যে কান্তো এবং তোকাই অঞ্চলে উঁচু ঢেউয়ের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে আছে স্থানীয় প্রশাসন।
একাত্তর/আরবিএস