ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হেনেছে ‘হিলারি’

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে তাণ্ডব চালানোর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে আছড়ে পড়েছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় 'হিলারি'। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বর্ষণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অঙ্গরাজ্যটির ইতিহাসে এটিই প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড়। 

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাতে বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় ১১টার দিকে ১১৯ কিলোমিটার গতিবেগে ঝড়টি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের উত্তরাঞ্চলে স্থলভাগে আছড়ে পড়ে। 

এরইমধ্যে উপকূলীয় অঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে। 

রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, অনুরোধ অনুযায়ী অতিরিক্ত সহায়তা দেয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। এই ঝড়কে গুরুত্ব সহকারে নিয়ে রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করছি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার পর্যন্ত বাজা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বিদ্যামান অবস্থাকে 'নজিরবিহীন আবহাওয়া' বলে মন্তব্য করেছেন। লস অ্যাঞ্জেলেস শহরে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: ক্রান্তীয় ঝড়ের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

সমুদ্র সৈকতগুলো আগেই থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয়দের প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার মজুত রাখারও নির্দেশ দেয়া হয়েছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে সোমবার ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিয়োর্নিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমি থেকে ৪ দশমিক ৮ কিলোমিটার (তিন মাইল) গভীরে। সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএসজিএস।


একাত্তর/আরবিএস