চাঁদে অবতরণে নিরাপদ জায়গা খুঁজছে ভারতের চন্দ্রযান

চাঁদে অবতরণের স্বপ্ন সফল হতে চলেছে ভারতের। নিজেদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান বিক্রম এখন চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছে।

সবকিছু ঠিক থাকলে বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখাতে পারে বিক্রম। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর।

কোথায় অবতরণ করবে বিক্রম? চাঁদের দক্ষিণ প্রান্তের দুর্গম খানাখন্দে ভরা মাটিতে অবতরণের জন্য বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণ জমি।

সোমবার ইসরো বিক্রম থেকে পাওয়া কয়েকটি ছবি প্রকাশ করেছে  টুইটারে। টুইটার দেয়া এক পোস্টে ইসরো লিখেছে, এগুলো চাঁদের অনেক দূরের দিকের ছবি। বিক্রমের মধ্যে থাকা ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েড্যান্স ক্যামেরা (এলএইচডিএসি) দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে। এই বিশেষ ক্যামেরা চাঁদের মাটিতে অবতরণের জন্য নিরাপদ স্থান খুঁজতে সাহায্য করে।

অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করা হয়।

হিসেব অনুযায়ী বুধবার বিকেলে উৎক্ষেপণের ৪১ দিন পর ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছোঁয়ার কথা। এই অভিযান সফল হলে চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণের খাতায় নাম লেখাবে ভারতের।


একাত্তর/এআর