চাঁদের বুকে অনুসন্ধান শুরু করলো ভারতের রোভার

প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ভারত। বুধবার সন্ধ্যায় দেশটির বানানো চন্দ্রযান-৩ মহাকাশযানটি চাঁদের মাটিতে অবতরণ করে। আর এর পরপরই চাঁদের বুকে নিজের কাজ শুরু করে দিয়েছে চন্দ্রযানের রোভার সিএইচ-৩। 

বৃহস্পতিবার সকালে রোভারটি চন্দ্রপৃষ্ঠের অনুসন্ধান শুরু করেছে বলে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। 

এটি ছিল চাঁদে নামার জন্য ভারতের দ্বিতীয় প্রচেষ্টা। ২০১৯ সালে পূর্ববর্তী মিশন চন্দ্রযান-২ সফলভাবে একটি অরবিটার স্থাপন করলেও, ল্যান্ডারটি বিধ্বস্ত হয়েছিল

হিন্দি এবং সংস্কৃত ভাষায় চন্দ্রযান মানে ‘চাঁদের যান’। এই অভিযান সফল করতে প্রায় ৬১৫ কোটি রুপি ঢেলেছে ভারত। 

বার্তায় ইসরো বলে, ‘সিএইচ-৩ রোভারটি ল্যান্ডার থেকে নেমে এসেছে এবং ভারত চাঁদে হাঁটতে শুরু করেছে!’

প্রজ্ঞান নামক ২৬ কেজি ওজনের রোভারটিকে বিক্রম ল্যান্ডারের ভেতরে করে চাঁদে নিয়ে যাওয়া হয়। অবতরণের কিছুক্ষণ পর বিক্রমের একপাশে প্যানেলগুলো একটি র‌্যাম্প স্থাপনের জন্য খুলে যায়, যাতে প্রজ্ঞান গড়িয়ে চন্দ্রপৃষ্ঠে নামতে পারে।

এটি এখন পাথর এবং গর্তের চারপাশে ঘোরাফেরা করবে এবং পৃথিবীতে বিশ্লেষণের জন্য ফেরত পাঠাতে গুরুত্বপূর্ণ তথ্য ও চিত্র সংগ্রহ করবে।

বরফের অস্তিত্বের কারণে চাঁদের রুক্ষ দক্ষিণ মেরু অত্যন্ত আকর্ষণীয়। এই বরফ ভবিষ্যতের মিশনের জন্য জ্বালানি, অক্সিজেন এবং পানীয় জল সরবরাহ করতে সক্ষম বলে ধারণা করা হয়। তবে রুক্ষ ভূখণ্ড সেখানে অবতরণকে চ্যালেঞ্জিং করে তোলে।

আরও পড়ুন: আবারও ব্যর্থ উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ

চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠের খনিজ গঠনের একটি স্পেকট্রোমিটার বিশ্লেষণসহ দুই সপ্তাহ ধরে পরীক্ষা-নিরীক্ষা চালাবে বলে আশা করা হচ্ছে।


একাত্তর/এসজে