সহসাই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান খান

সহসাই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান খানসহসাই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। তার বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার তিন বছরের সাজা স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট তবে এখনই মুক্তি পাচ্ছেন না পাঞ্জাবের অ্যাটোক কারাগারে বন্দি ইমরান। তিনি কারাগার থেকে মুক্তি পাবেন কি-না, এ নিয়ে সিদ্ধান্ত জানাবে দেশটির সর্বোচ্চ আদালত।
 
গেলো পাঁচ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয়। এছাড়া তাকে যে কোন নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করে। এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন ইমরান খান।
 
সোমবার সেই আবেদেনের ওপর শুনানি নেয় ইসলামাবাদ হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন ইমরানের তিন বছরের কারাদণ্ডের রায় স্থগিত ও জামিনে মুক্তির আদেশ দেয়। 

তবে মুক্তির আদেশ দেয়া হলেও দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কারাগারে থাকার সম্ভাবনা রয়েছে। কারণ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অপব্যবহারের অভিযোগে আরেকটি মামলায় একটি বিশেষ আদালতের বিচারক ইমরান খানকে ৩০ আগস্ট পর্যন্ত কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। ফলে এখনই কারাগার থেকে বের হতে পারছেন না ইমরান খান।