বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরি যাওয়া শিল্প সামগ্রীর মধ্যে বেশ কিছু উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটি চেয়ারম্যান জর্জ অসবর্ণ।
জর্জ অসবর্ণ জানান, এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। নথিপত্র ঠিক না থাকায় কিছু সমস্যা হচ্ছে।
বিভিন্ন সময় ব্রিটিশ মিউজিয়াম থেকে আনুমানিক ২০০০টি শিল্পকর্ম চুরি হয়েছে, এমন খবরে দেশটিতে ব্যাপক হইচই পড়ে যায়। এমনকি, চুরির তদন্তে ব্যর্থতার দায় স্বীকার করে মিউজিয়ামটির পরিচালক হার্টউইগ ফিশার তার দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী অসবর্ণ বলেন, জাদুঘরটির সব কিছু ঠিকভাবে তালিকাভুক্ত করা হয়নি। যা এমন বড় একটি প্রতিষ্ঠানের জন্য খুবই অস্বাভাবিক ঘটনা। তবে তারা কিছু জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। মিউজিয়ামের কর্মীরা চুরি হওয়া জিনিসপত্র শনাক্ত করার কাজ করছেন।
চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার গয়না, বিভিন্ন রত্ন ও ভাস্কর্য। এগুলো প্রায় সাড়ে তিন হাজার বছর পুরোনো। সম্প্রতি এই জিনিসগুলোর কোনোটিই জনসমক্ষে প্রদর্শন করা হয়নি। ঘটনার দায় স্বীকার করে তিনি আরও বলেন, চুরির ঘটনায় ব্রিটিশ মিউজিয়ামের খ্যাতি নষ্ট হয়েছে।
ভ্রমণপিয়াসুদের কাছে লন্ডনের মিউজিয়ামটি অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মিউজিয়ামে থাকা অনেক প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম একটি হচ্ছে, রোসেট্টা স্টোন নামের প্রাচীন মিশরীয় ধ্বংসাবশেষ। যেখানে হায়ারোগ্লিফিক বর্ণে বিভিন্ন লেখা খোদাই করা রয়েছে।